নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের মাধ্যমে পুনর্নবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন টিসিবি ডিলাররা।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার টিসিবি ডিলাররা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখছেন। কিন্তু চুক্তি নবায়নে দীর্ঘসূত্রতার কারণে তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং জীবিকা হুমকির মুখে পড়েছে।
ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সদর উপজেলার টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, রিপন মিয়া, উলিপুর উপজেলার আতাউর রহমান এবং চিলমারী উপজেলার পলাশসহ অন্যরা।
বক্তারা বলেন, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নের সুপারিশ থাকা সত্ত্বেও এখনো তাঁদের সঙ্গে পুনঃচুক্তি সম্পাদন করা হয়নি। এতে তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করে নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে দ্রুত চুক্তি সম্পাদনের মাধ্যমে তাঁদের কর্মসংস্থান ও জীবিকার নিশ্চয়তা দেওয়ার দাবি জানান তাঁরা।
ডিলারদের দাবি, তাঁরা নিম্নআয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বৈধ ও নবায়নযোগ্য ডিলারদের দীর্ঘদিন ঝুলিয়ে রাখায় তাঁরা আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন। তাঁরা কোনো বিশেষ সুবিধা নয়, তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়ন চান।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন করে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় তাঁরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

0 Comments