নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (০৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর স্ত্রী রাবেয়া বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments