কুড়িগ্রামে জেলে জালে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

 


কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশে সাপটি দেখা গেলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সকালে সাপটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, এ এলাকায় এর আগে এত বড় অজগর দেখা যায়নি। প্রায় ১০ ফুট লম্বা সাপটি দেখে শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।

Post a Comment

0 Comments