কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ

 


নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রাম জেলা শহরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে হামলা এবং চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধরের প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন বাসশ্রমিকেরা। শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের শাপলা চত্বরে একাধিক বাস আড়াআড়িভাবে রেখে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে পুলিশ ও বাসমালিকদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, শুক্রবার রাতে ভুরুঙ্গামারী উপজেলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মা নাদিয়া পরিবহনের একটি বাস জেলা শহরের ধরলা সেতু এলাকায় পৌঁছালে ৫ থেকে ৭ জনের একদল যুবক বাসটি থামানোর চেষ্টা করেন। তাঁরা দাবি করেন, ওই যুবকেরা কুড়িগ্রাম বাণিজ্য মেলা এলাকা থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়েছিলেন। বাসটি না থামিয়ে ধরলা সেতু অতিক্রম করে টোল প্লাজায় পৌঁছালে তাঁরা বাসটিতে ঢিল ছুড়ে ভাঙচুর করেন।

শ্রমিকদের অভিযোগ, এরপর রিভার ভিউ মোড় এবং জেলা শিল্পকলা একাডেমির সামনে আরও দুই দফায় বাসটি থামিয়ে চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করা হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

এ ঘটনার প্রতিবাদে রাত ৯টার দিকে শাপলা চত্বরে বিভিন্ন রুটের বাস আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করেন বাসশ্রমিকেরা। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

রাত ১১টার দিকে পুলিশ ও বাসমালিকেরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments