উলিপুরে মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

 


জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে হাবিবুল্লাহ (২৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মাদরাসায় ওই ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের অভিযোগ। আজ বুধবার(১২ আগস্ট) সকালে পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্তকে আটক করে।


আটক হাবিবুল্লাহ উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোখলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি দলদলিয়া ইউনিয়নের একটি আবাসিক মাদরাসায় শিক্ষকতা করেন।


শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটি ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। মঙ্গলবার রাতে পড়াশোনা শেষে সে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে হাবিবুল্লাহ শিশুটিকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

শিশুটির মা বলেন, বুধবার ভোরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দেন।

পরে শিশুটির মা উলিপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ মাদরাসায় অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে আটক করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments