সাংবাদিক মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
August 14, 2026
জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা শাখার সাবেক আহ্বায়ক ও সাংবাদিক মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(১৪ আগস্ট) বিকেল চারটায় শহরের ঘোষপাড়ায় 'ভূমি মালিক সমিতি'র কার্যালয়ে এ আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম শাখা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সহসম্পাদক আরিফুল ইসলাম জুয়েল।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক কনক রহমান মোস্তফা জামান লেলিনের সাংগঠনিক দক্ষতা ও আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। মোস্তফা জামান লেলিনের ছোট ভাই ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ভাইয়ের সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন।
এছাড়াও আলোচনায় বক্তব্য দেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান, কৃষক আন্দোলনের সংগঠক নজির হোসেন, হামিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন রওশন প্রমুখ।
এ সময় সাংবাদিক রোকনুজ্জামান মানু, সংগঠক খন্দকার আরিফ, হাফিজুর রহমানসহ সংগঠনের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মোস্তফা জামান লেলিন রাজারহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কালের কণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ১৪ আগস্ট তিনি মারা যান।
0 Comments