জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রেহানা বেগমকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনরত একজন ইউপি সদস্যকে এ কাজে নিয়োগ দেওয়ার সুযোগ আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট নীতিমালায় তথ্য সংগ্রহকারীর যোগ্যতা ও অযোগ্যতার বিষয়টি যাচাই করে দেখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে থাকলে উপকারভোগী নির্বাচন ও তথ্য যাচাইয়ের ক্ষেত্রে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ কারণে তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকেরছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রেহানা বেগমকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে মনোনীত করা হয়েছে। তবে একজন নির্বাচিত ইউপি সদস্য একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, সংশ্লিষ্ট নীতিমালায় সে বিষয়ে কোনো বিধিনিষেধ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে জানতে রেহানা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হয়। ফোন ধরার ব্যক্তি প্রথমে নিজেকে রেহানা বেগম পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে মনোনীত হওয়ার কথা স্বীকার করেন। পরে সাংবাদিক পরিচয় জানানো হলে তিনি বলেন, ‘আমি রেহানা বেগমের আত্মীয়।’
রেহানা বেগমকে সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করতে বলবেন জানিয়ে পরে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর রেহানা বেগমের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, নীতিমালা অনুযায়ী একজন ইউপি সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হতে পারবেন কি না, তা যাচাই করে দেখা হবে।
ইউএনও বলেন, ‘আইন বা নীতিমালা অনুযায়ী এটি বৈধ না হলে তাঁকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে অন্য কাউকে নেওয়া হবে।’
স্থানীয় সচেতন মহলের দাবি, রেহানা বেগমের নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে তথ্য সংগ্রহকারী নিয়োগের পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা।

0 Comments