কুড়িগ্রামে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বাংলাদেশি যুবক আটক

 


জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পর তাঁকে আটক করা হয়।

আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল মিয়ার ছেলে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার দিবাগত মধ্যরাতে কয়েকজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৮-এর কাছাকাছি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বিএসএফ সদস্যদের সামনে পড়ে যান। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান পালানোর সময় বিএসএফের হাতে আটক হন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সূত্রে জানা গেছে, আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Post a Comment

0 Comments