নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় তীব্র লোডশেডিং, লো-ভোল্টেজ এবং কথিত ভূতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, কয়েকদিন ধরে উপজেলায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। দিনের পাশাপাশি রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
তারা আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ থাকলেও অধিকাংশ সময় ভোল্টেজ এতটাই কম থাকে যে ফ্যান, লাইটসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি স্বাভাবিকভাবে ব্যবহার করা যায় না। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পর্যাপ্ত বিদ্যুৎ সেবা না পেলেও গ্রাহকদের কাছে অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। তারা এ ধরনের বিলকে ‘ভূতুড়ে বিল’ উল্লেখ করে এর অবসান এবং সঠিকভাবে বিল প্রণয়নের দাবি জানান।
বক্তারা অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, লো-ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা টাকা দিয়ে বিদ্যুৎ কিনি, কিন্তু সেবার পরিবর্তে ভোগান্তি পাচ্ছি। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সঠিক বিলিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

0 Comments