কুড়িগ্রামে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মন্দির সভাপতি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের রাজারহাটে ছয় বছর বয়সী এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নারায়ণ চন্দ্র (৭০)। তিনি শিমুলতলা গ্রামের বাসিন্দা। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরবেলা শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে শিমুলতলা মন্দিরের সভাপতি নারায়ণ চন্দ্র মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে  নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে শিশুকে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র সেখান থেকে দ্রুত পালিয়ে যান।


​পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। এ ঘটনায়​ভুক্তভোগী শিশুর পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। এরপর শনিবার রাতে রাজারহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার করে।


রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, মামলার পর শনিবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments