কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও অভিযোগ তদন্তের লক্ষ্যে পাঁচ সদস্যের শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদকে।
শুক্রবার(২৪ জুলাই) সকাল ১১টায় জেলা কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. মুকুল মিয়া এবং সদস্যসচিব মো. মাসুম মিয়া কমিটির অনুমোদন দেন। পরে জেলা দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ (বাঁধন) দলীয় প্যাডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শাখার সর্বস্তরে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নারী শক্তির সদস্যসচিব মেরিনা পারভীন এবং পৌর এনসিপির সদস্যসচিব লাভলু হোসেন।
জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, কুড়িগ্রামে এনসিপিকে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে কমিটি কার্যকর ভূমিকা রাখবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত শৃঙ্খলা রক্ষা ও অভিযোগ তদন্ত কমিটির প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) গঠিত হয়। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

0 Comments