রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

 


নতুন প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডাকেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগে বৃহস্পতিবার ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকারই দায়িত্ব পালন করবেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই তাঁর পদে থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছিল। বিএনপি ক্ষমতায় আসার পর বিষয়টি আরও জোরালো হয়। তাঁর পদত্যাগের মাধ্যমে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন পরিবর্তনের সূচনা হলো।

Post a Comment

0 Comments