নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিকেলে খেলতে বের হয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ কয়েক ঘণ্টা পর একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে। রোববার রাত আটটার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের সীমান্তবর্তী খড়িবাড়ি এলাকার কুচনি নালা থেকে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন।
নিহত দুই শিশু হলো ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে লুচি খাতুন (৮) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের আনিছুর রহমানের মেয়ে আম্বিয়া খাতুন (৭)। তারা দুজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার স্কুল ছুটির পর বাড়ি ফিরে বিকেলে খেলতে বের হয় শিশু দুটি। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আটটার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের খড়িবাড়ি এলাকার কুচনি নালায় তাদের মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মমিনুল ইসলাম বলেন, শিশু দুটি পরিবারের সদস্যদের অজান্তেই খেলতে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের কুচনি নালা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments