নতুন খবর প্রতিবেদকনিউইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করেন।
গোপন ব্যালটে ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট, আর কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হওয়া ৮১তম অধিবেশনে এক বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি সদস্যদেশগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের প্রতিফলন।
এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেলেন। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের এই সাফল্যকে দেশের কূটনৈতিক অর্জনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
0 Comments