পেলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী জার্সি নিলামে, দাম উঠতে পারে ৭০ কোটি টাকা

natunkhabar


ক্রীড়া ডেস্ক : 

ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী ঐতিহাসিক জার্সি নিলামে তুলছে বিশ্বের অন্যতম নিলাম প্রতিষ্ঠান সদবিস। চলতি বছরের বিশ্বকাপ চলাকালে অনুষ্ঠিত এ নিলামে জার্সিটি প্রধান আকর্ষণ হিসেবে থাকছে।

১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ৫-২ গোলের জয়ে দুটি গোল করেছিলেন মাত্র ১৭ বছর বয়সী পেলে। ওই শিরোপাই ছিল ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়। পরে তাঁর হাত ধরেই ব্রাজিল আরও দুটি বিশ্বকাপ জেতে।

সদবিস জানিয়েছে, পেলের ১০ নম্বর জার্সিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৬০ লাখ ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটিরও বেশি টাকা। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত নিলাম চলবে।

ফাইনালের পর পেলে জার্সিটি তাঁর সতীর্থ ও বন্ধু দিদাকে উপহার দিয়েছিলেন। দিদার পরিবার দীর্ঘদিন এটি সংরক্ষণ করে। পরে জার্সিটি একটি জাদুঘরে স্থান পায়। নিলামে আরও থাকছে ১৯৮৬ সালের আলোচিত ‘হ্যান্ড অব গড’ ম্যাচে ম্যারাডোনার ব্যবহৃত আর্মব্যান্ড এবং লিওনেল মেসির কিছু স্মারক। আগামী ১ জুলাই থেকে নিউইয়র্কে এসব ঐতিহাসিক সামগ্রী জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে।

Post a Comment

0 Comments