নতুন প্রতিবেদক
কুড়িগ্রামে একসঙ্গে প্রায় এক লাখ মানুষের জন্য রান্না করা যাবে—এমন বিশ্বের সবচেয়ে বড় কড়াই স্থাপন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শনিবার (১৪ মার্চ) বিকেলে কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নের চর সুভারকুঠি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই কড়াইয়ের উদ্বোধন করেন।
আয়োজকেরা জানান, ‘মেগাকিচেন’ প্রকল্পের আওতায় নির্মিত কড়াইটির আয়তন ৭৭০ বর্গফুট, ব্যাস ৩১ দশমিক ৫ ফুট এবং গভীরতা ৪ দশমিক ৫ ফুট। এতে একসঙ্গে প্রায় এক লাখ মানুষের জন্য খাবার রান্না করা সম্ভব। পবিত্র রমজান উপলক্ষে প্রথম দিন এক লাখ মানুষের জন্য ইফতার রান্না করে কার্যক্রম শুরু করা হয়েছে।
মন্ত্রী বলেন, বন্যাপ্রবণ কুড়িগ্রাম ও লালমনিরহাট এলাকায় দুর্যোগকালে রান্না করা খাবার সরবরাহে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0 Comments