তিস্তার ভাঙনে ছয়বার ভিটেমাটি হারানো পরিবারটির শেষ আশ্রয়টুকুও অনিশ্চিত

 


কুড়িগ্রাম প্রতিনিধি

তিস্তার ভাঙনে ছয়বার বসতভিটা হারিয়েছেন রমজান আলী (৬৫) ও দোলেনা বেগম (৬০) দম্পতি। ছয় সদস্যের পরিবারের পাঁচজনই প্রতিবন্ধী। একমাত্র উপার্জনক্ষম সদস্য দোলেনা বেগমও বয়সের ভারে অসুস্থ। এর মধ্যে অন্যের জমিতে ১০ বছরের চুক্তিতে গড়ে তোলা ঘরটিও হারানোর শঙ্কায় দিন কাটছে তাঁদের। চুক্তির মেয়াদ শেষের দিকে। নতুন করে টাকা দিয়ে চুক্তি নবায়নের সামর্থ্য নেই। ফলে খাবার, চিকিৎসা ও বাসস্থানের অনিশ্চয়তা নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে পরিবারটির।


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান গ্রামে পরিবারটির বসবাস। প্রায় নয় বছর আগে তিস্তার ভাঙনে সর্বশেষ বসতভিটা হারিয়ে এখানে আশ্রয় নেন তাঁরা। অন্যের জমিতে ৪০ হাজার টাকা দিয়ে ১০ বছরের চুক্তিতে ঘর তুলে বসবাস শুরু করেন। এখন সেই চুক্তির মেয়াদ শেষের পথে। নতুন করে চুক্তি করার মতো টাকা তাঁদের হাতে নেই। জমির মালিক টাকা না পেলে ঘর ভেঙে দিতে পারেন, তাঁরা এমন আশঙ্কায় করছেন।

দোলেনা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় তিস্তার চরে তাঁর বাবার ও শ্বশুরের কিছু জমি ছিল। কিন্তু নদীভাঙনে ছয় দফায় সেসব জমি বিলীন হয়ে গেছে। এখন নিজেদের নামে কোনো জমি নেই। অন্যের জমিতে তৈরি করা ঘরটিই তাঁদের একমাত্র আশ্রয়।

দোলেনা বেগম বলেন, ‘একসময় তিস্তার চরে বাবার ও শ্বশুরের কিছু জমি আছিল। কিন্তু ছয় বারের ভাঙনে সউগ নদীর পেটে গেইছে। এল্যা বাড়ি করি থাকমো সেই জায়গা নাই। চল্লিশ হাজার টাকায় দশ বছর চুক্তিতে বাড়ি করি আছি। ২০২৭ সালে সেই চুক্তির মেয়াদও শেষ হবে। টাকা না দিলে বাড়ি ভাঙি দিবে। পরিবারের সবাই প্রতিবন্ধী। তিন বেলা পেটের ভাত জোটে না, জমির টাকা কোথায় থাকি দেমো। সরকার থাকি খাস জমি দিলে বাড়ি করি থাকলঙ হয়।’

রমজান আলী ও দোলেনা বেগম দম্পতির চার ছেলে মেয়ে। তারা হলেন, রঞ্জী খাতুন (৩০), অজিফা খাতুন (২৮), ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও দানিয়েল হোসেন (১৭)। পরিবার ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দোলেনা বেগম ছাড়া পরিবারের পাঁচজনই মানসিক প্রতিবন্ধী। তাঁদের স্বাভাবিকভাবে কাজ করে উপার্জন করার সক্ষমতা নেই। জরাজীর্ণ দুইটি ঘরে গাদাগাদি করে ছয়জন বসবাস করেন।

পরিবারটির আয়ের প্রধান উৎস প্রতিবন্ধী রমজান আলী ভিক্ষা আর পরিবারের সদস্যদের নামে পাওয়া প্রতিবন্ধী ভাতা, তা দিয়েই চলে সংসার। এসব অর্থ দিয়ে কোনো রকমে খাবারের ব্যবস্থা করলেও চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটানো সম্ভব হয় না। নতুন করে জমি কেনা কিংবা ঘর তৈরির সামর্থ্যও নেই তাঁদের।

রাজারহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন জানান, গাবুর হেলান গ্রামের ওই পরিবারটির সব সদস্যই সরকারি ভাতার আওতায় রয়েছে। সরকারিভাবে নতুন কন সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

Post a Comment

1 Comments

  1. গুনাহগার বান্দা, আল্লাহর দেয়া গজব মেনে নিন ভাই। তাঁর আদেশেই আপনাদের ঘরবাড়ি নদী নিয়ে নিয়েছে।

    ReplyDelete