নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি সুপারি বাগানে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ সময় গাছগুলোর পরিচর্যায় ব্যবহৃত তাপপ্রতিরোধী (গ্রীণ হাউজ) বিশেষ বেষ্টনীও জব্দ করা হয়। পুলিশের দাবি, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা চাষে অভিযুক্ত বাবা-ছেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানার একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, একটি সুপারি বাগানের ভেতরে তাপপ্রতিরোধী বিশেষ বেষ্টনী তৈরি করে গাঁজা গাছের পরিচর্যা করা হচ্ছিল। অভিযানে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশত গাঁজা গাছ জব্দ করা হয়। পরে গাছগুলো ও চাষাবাদে ব্যবহৃত বেষ্টনী থানায় নেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য, এ ঘটনায় দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৫০) এবং তাঁর ছেলে মো. রুবেল হোসেন (২৫) অভিযুক্ত। অভিযানের সময় তাঁরা সীমান্তের কাঁটাতারের নিচে থাকা ড্রেনেজ পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যান বলে পুলিশের দাবি।
ভূরুঙ্গামারী থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন প্রথম আলোকে বলেন, সীমান্ত এলাকার কিছু মাদক কারবারি ভারত থেকে গাঁজা আনার পাশাপাশি স্থানীয়ভাবে গাঁজা চাষের মাধ্যমে গাঁজার বিকল্প উৎস তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

0 Comments