নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় নিষিদ্ধ পলিথিন মজুতের দায়ে গোডাউন মালিক মন্টু মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলার কেতার মোড় এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে কেতার মোড়সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। একই সঙ্গে গোডাউন মালিক মন্টু মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, বাইরের কয়েকজন ব্যবসায়ী ওই গোডাউন ব্যবহার করে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রি করে আসছিলেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0 Comments