উত্তরাঞ্চলের সাথে সরকার বাজেট বৈষম্য করেছে: নাহিদ ইসলাম



কুড়িগ্রাম প্রতিনিধি: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সরকারের সাম্প্রতিক চীন সফর থেকে কোনো দৃশ্যমান অর্জন আসেনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের উন্নয়নে সরকার বৈষম্যমূলক আচরণ করছে এবং এ অঞ্চলের জন্য প্রয়োজনীয় বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়নি।

বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, উত্তরবঙ্গের আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য এবারের বাজেটেও দূর হয়নি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি। উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে এ অঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, কুড়িগ্রামের আলুচাষীরা ন্যায্য মূল্য না পেয়ে অনেক সময় আলু ফেলে দিতে বাধ্য হন। জেলায় পর্যাপ্ত কোল্ড স্টোরেজ না থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আধুনিক কৃষি ব্যবস্থা ও সংরক্ষণ সুবিধা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ করে তিনি বলেন, সরকারি মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। সেখানে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাঁর দাবি, প্রতি উপজেলায় এ সিন্ডিকেট প্রায় চার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বর্তমানে ধানের সরকারি মূল্য ১ হাজার ৪৪০ টাকা হলেও সিন্ডিকেটের কারণে কৃষকরা বাজারে ১ হাজার ১৪০ টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য আদায়ের আন্দোলন কুড়িগ্রাম থেকেই শুরু হবে বলেও ঘোষণা দেন তিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এ ছাড়া কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার ও মেরিনা আক্তার এবং কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বক্তব্য দেন।

Post a Comment

0 Comments