নতুন প্রতিবেদক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম মর্জিনা আক্তার (৪০)। তিনি 'গেন্দি' নামে পরিচিত। তাঁর বাড়ি উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি এলাকায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগ ছিল মর্জিনা আক্তারের বিরুদ্ধে। এর আগে কয়েকবার তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি কৌশলে পালিয়ে যান। তিনি একটি পোলট্রি মুরগির দোকানের আড়ালে মাদক বিক্রি করতেন বলে পুলিশের দাবি।
স্থানীয় সচেতন বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০৩টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে থানা হাজতে নেওয়া হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ওই নারী দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

0 Comments