সরকারি রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১, আটক ১০

 


নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জিন্নাত আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী ওই গ্রামের আবদুর সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জিন্নাত আলী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments