নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের চিলমারী ইউনিয়নকে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষায় স্থায়ী নদীশাসন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পৃথক চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে শনিবার (১৮ জুলাই) চর বিশারপাড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, গত এক মাসে শাখাহাটি, কড়াইবরিশাল ও বিশারপাড়া এলাকায় শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ইউনিয়নের একমাত্র বাজার, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিস, বন্যা আশ্রয়কেন্দ্রসহ প্রায় ৩০০ পরিবারের বসতভিটা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্রের ভাঙন শুধু ঘরবাড়ি নয়, মানুষের জীবিকা, শিক্ষা ও ভবিষ্যৎও কেড়ে নিচ্ছে। তাই দ্রুত দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্প বাস্তবায়ন জরুরি।
সমাবেশ থেকে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চরাঞ্চলের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

0 Comments