রাজারহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

 


নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এরশাদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের শিঙ্গেরডাবরির মণ্ডলের বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত এরশাদ আলী রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, অটোরিকশাটি তিস্তা এলাকা থেকে রাজারহাটে আসার পথে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এরশাদ আলীর মৃত্যু হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments