নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুলসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাইফুর রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবুসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নজরুলের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি। বছরজুড়ে নানা কর্মসূচি পালনের কথাও জানায় জেলা প্রশাসন।

0 Comments