নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামে আমন ধান কাটার মৌসুমে তিন দিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। কোথাও কোথাও নিচু জমিতে জমে থাকা পানিতে ডুবে আছে ধানের আঁটি। ভেজা ধান শুকিয়ে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, বৃষ্টির আগাম পূর্বাভাস তাঁরা পাননি। আগে থেকে বৃষ্টির খবর জানতে পারলে ধান কেটে জমিতে ফেলে না রেখে বাড়িতে তুলে রাখতে পারতেন।
তবে কৃষি বিভাগের দাবি, বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পর কৃষকদের ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। কৃষি বিভাগের এই দাবি ও কৃষকদের অভিযোগের মধ্যে আগাম সতর্কবার্তা পৌঁছানো নিয়ে প্রশ্ন উঠেছে।
গত রোববার ও সোমবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক কৃষক আমন ধান কেটে জমিতেই স্তূপ করে রেখেছেন। বৃষ্টিতে কাটা ধান ভিজে গেছে। নিচু জমিতে পানি জমে থাকায় কোথাও কোথাও ধানের আঁটি ডুবে আছে। কেউ কেউ ভেজা ধান দ্রুত বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে ভিজে যাওয়ায় ধানের দানার রং ও গুণগত মান নষ্ট হতে পারে। কোথাও কোথাও ধানে অঙ্কুরোদ্গম হতে পারে। এতে ধানের ওজন কমে যাওয়ার পাশাপাশি সংরক্ষণেও সমস্যা দেখা দিতে পারে। শেষ পর্যন্ত বাজারে ধানের দাম কম পাওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।
চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকার কৃষক আবদুর রহমান দুই বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছিলেন। ধান পাকার পর রোদে শুকানোর জন্য তিনি তা কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু পরদিন থেকে বৃষ্টি শুরু হওয়ায় আর ঘরে তুলতে পারেননি।
আবদুর রহমান বলেন, ‘ঋণ নিয়ে কষ্ট করি দুই বিঘা জমিত ধান লাগাইছিলাম। রোদ দেখে পাকা ধান কেটে জমিত রাখছি। এরপর দিন থাকি হঠাৎ বৃষ্টি শুরু হইছে। বৃষ্টির কারণে ফসল ঘরে তুলতে পারি নাই। জমির ধান জমিত ডুবি গেইছে। এল্যা রোদ উঠলে শুকাতে হবে। এতে ধানের ক্ষতি কেমন হবে আল্লাহ জানে।’
কুড়িগ্রাম সদর উপজেলার নালিয়ারদোলা এলাকার কৃষক গোলবর রহমান(৬৫)। বৃষ্টি ও ঝড়ে তার জমির পাকা ধান হেলে পড়েছে। তিনি বলেন, ‘জমিত ধান লাগানোর সময় কৃষি অফিসের লোক আইসে। সার তেল হিসেব করি দেয়। আর ধান বড় হয়ে পাকার পর আর আসে না। কৃষি অফিস থাকি বৃষ্টির খবর আগে পাইলে ধান কাটি জমিত ফেলে না থুইয়ে বাড়িত নিলাম হয়।’
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী এলাকার কৃষক গাজিউর রহমান বলেন, আগাম বৃষ্টি হবে, সেটা তো আমরা জানতাম না। জানলে হয়তো আগে ধান কেটে ঘরে তুলতাম। বৃষ্টি হবে, এমন খবর পাইনি।
কৃষকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, জেলায় তিন দিন বৃষ্টি হয়েছে। তবে তা ছিল গুঁড়ি গুঁড়ি। এ বৃষ্টিতে ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। জমিতে কেটে রাখা পাকা ধানের কিছুটা ক্ষতি হতে পারে। কেটে রাখা ধান রোদে শুকিয়ে জমি থেকে তুলে জমির আইলে রাখলে ক্ষতি কিছুটা কমবে।
তবে ওই সময়ে কত হেক্টর জমির ধান কাটা অবস্থায় ছিল কিংবা কতটুকু ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কোনো হিসাব দিতে পারেননি এই কর্মকর্তা। বৃষ্টির পর ক্ষয়ক্ষতির কোনো তালিকাও তৈরি করা হয়নি বলে তিনি জানান।
কৃষকদের কাছে আগাম বৃষ্টির খবর পৌঁছানোর বিষয়ে উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, ‘আমরা বৃষ্টির পূর্বাভাস ও ধান কেটে ঘরে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম। কিন্তু কৃষকেরা সেটি না করে জমিতে ফেলে রেখেছিল।’
তবে কোন কোন এলাকায়, কবে এবং কীভাবে কৃষকদের এই বার্তা দেওয়া হয়েছিল, তা জানতে চাইলে উপপরিচালক বলেন, কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের বিষয়টি জানিয়েছিলেন। তাঁর মতে, ডিজিটাল মাধ্যমে বা মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা গেলে কৃষকেরা আরও বেশি উপকৃত হতেন।
এদিকে বৃষ্টিতে ভিজে যাওয়া ধান রক্ষায় কৃষকদের দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মাঠে কেটে রাখা ধান ও ধানের আঁটি উঁচু ও শুকনো জায়গায় সরিয়ে নিতে হবে। ভেজা ধান গাদাগাদি করে স্তূপ করে না রেখে ছড়িয়ে শুকাতে হবে। বৃষ্টি থামার পর রোদ উঠলে ভেজা ধান দ্রুত মাড়াই করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর কুড়িগ্রাম জেলায় প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। তবে বৃষ্টিতে কত জমির ধান ক্ষতির ঝুঁকিতে পড়েছে, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।
কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২১ ও ২২ নভেম্বরের বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ মিলিমিটার এবং পরদিন ২৩ নভেম্বর ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।


0 Comments