খুশকি দূর করতে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক শ্যাম্পু

 


স্বাস্থ্য প্রতিবেদক

শীত এলেই চুল ও মাথার ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এ সময় চুল রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ার পাশাপাশি বাড়ে চুলকানি ও খুশকির সমস্যা। খুশকি দূর করতে অনেকেই বাজারের বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করেন। তবে কিছু শ্যাম্পু চুলের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে।

এ ক্ষেত্রে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি শ্যাম্পু হতে পারে বিকল্প। আমলকি ও রিঠার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে সহজেই তৈরি করা যায় এ ধরনের শ্যাম্পু। দীর্ঘদিন ধরেই চুল পরিষ্কার করার কাজে এই দুটি উপাদান ব্যবহৃত হয়ে আসছে। এর সঙ্গে মেথি দানা যোগ করলে তৈরি হবে ঘরোয়া শ্যাম্পুর একটি মিশ্রণ।

যেভাবে তৈরি করবেন প্রাকৃতিক শ্যাম্পু

যেসব উপকরণ লাগবে

  • শুকনো আমলকি

  • শুকনো রিঠা

  • মেথি দানা

  • পরিমাণমতো পানি

তৈরির পদ্ধতি

প্রথমে একটি পাত্রে পরিষ্কার পানির মধ্যে রিঠা, আমলকি ও মেথি দানা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন একই পানিতে উপকরণগুলো কম আঁচে ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হয়ে গেলে রিঠা হাত দিয়ে ভালোভাবে চটকে নিন। এতে রিঠার নির্যাস পানির সঙ্গে মিশে যাবে এবং কিছুটা ফেনা তৈরি হবে। সবশেষে মিশ্রণটি ছেঁকে পরিষ্কার কাচের বোতলে ভরে রাখুন। সংরক্ষণের জন্য বোতলটি ফ্রিজে রাখতে পারেন। তবে এতে কোনো সংরক্ষক না থাকায় অল্প পরিমাণে তৈরি করে দ্রুত ব্যবহার করাই ভালো।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে সাধারণ পানি দিয়ে চুল ও মাথার ত্বক ভিজিয়ে নিন। এরপর তৈরি করা শ্যাম্পু মাথার ত্বকে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে আলতোভাবে মালিশ করুন। কয়েক মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

তবে প্রাকৃতিক উপাদান মানেই সবার জন্য নিরাপদ, এমন নয়। ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। চোখে যেন না লাগে, সেদিকেও খেয়াল রাখতে হবে। মাথার ত্বকে অতিরিক্ত চুলকানি, লালচে ভাব বা ক্ষত থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মনে রাখবেন: খুশকির অন্যতম কারণ হলো মাথার ত্বকে ম্যালাসেজিয়া নামের একধরনের ইস্টের ভূমিকা। আমলকি ও রিঠার শ্যাম্পু চুল পরিষ্কার করতে সহায়তা করতে পারে, তবে খুশকি দূর করার ক্ষেত্রে এর কার্যকারিতার যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। দীর্ঘদিন খুশকি থাকলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।

Post a Comment

0 Comments