কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে গাঁজার চাষ কিংবা ইয়াবা ও ফেনসিডিল তৈরির কারখানা নেই। এরপরও জেলায় এসব মাদক পাওয়া যাচ্ছে। ভারতের সীমান্ত পেরিয়ে মাদক আসছে বলে অভিযোগ করেছেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
শুক্রবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে আয়োজিত এক মাদকবিরোধী মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, কালজানি ও জিঞ্জিরাম নদী এলাকায় কাঁটাতারের বেড়া নেই। এ কারণে প্রায় ৩২ কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে। এই সুযোগে ভারত থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করছে বলে তিনি অভিযোগ করেন।
জেলা কারাগারের বন্দীর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, কারাগারের ধারণক্ষমতা ২০৩ জন হলেও সেখানে বন্দী রয়েছেন ৬৭৫ জন। তাঁদের মধ্যে ২৫০ জন মাদক মামলার আসামি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের একাংশের সংশ্রবের কারণে মাদক প্রবেশ ও বিস্তার রোধ করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন, মাদক ব্যবসার মাধ্যমে কেউ অর্থবিত্তের মালিক হলেও এর ফলে সমাজ ধ্বংস হচ্ছে। এটি কোনোভাবেই হতে দেওয়া যায় না। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমেও ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেন।
পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সহসভাপতি আনিসুর রহমান ফিরোজ ও আব্দুল জলিল, কুড়িগ্রাম সদর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের, জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল এবং পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্যসচিব জয়নাল আবেদীন।
এর আগে বিকেলে পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় থেকে মাদকবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

0 Comments