জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমন (২৩) গ্রেপ্তার হয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।
মামলার তদন্ত কর্মকর্তা রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ তাঁকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় ২৮ আসামির মধ্যে প্রধান আসামিসহ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নাল হোসেনের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম(দেশীয় অস্ত্র) দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে রাজারহাট থানায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
নিহতের ছেলে মো. সাকিব বলেন, 'আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মামলার প্রধান আসামী আজ গ্রেপ্তার হয়েছে, বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।'

0 Comments