জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা চাষের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন সরু সেতুর ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভূরুঙ্গামারী বাজারগামী একটি অটোরিকশার ধানের ভূষির বস্তা থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যান। উদ্ধার করা গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মালিকানা শনাক্ত করা গেলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
একই দিন দুপুরে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফজর আলী শুক্কুর (৫৫) নামে এক ব্যক্তিকে তাঁর বাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাটের পুরোনো রেলসেতু ও নবনির্মিত সড়কসেতুর মধ্যবর্তী নদীতীর থেকে মালিকানাবিহীন আরও দুটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। তিনি বলেন, মাদক কারবারিরা যে স্থানেই বা যে কৌশলেই মাদক ব্যবসা করুক না কেন, পুলিশ তা উদ্ঘাটনে সক্ষম। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীর সহযোগিতায় মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলা সম্ভব।

0 Comments