কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার, পাশে দাঁড়িয়ে ছিল মোটরসাইকেল
August 01, 2026
জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রাস্তার পাশ থেকে হামিদুল ইসলাম ওরফে বাবু (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চিলমারী-উলিপুর আঞ্চলিক সড়কের নিরাশির পাথার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হামিদুল ইসলাম উপজেলার তবকপুর ইউনিয়নের পশ্চিম সাদুল্যা পাকারমাথা এলাকার জোবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের অদূরেই নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি চাবিসহ দাঁড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, নিহতের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া বাম পায়ের বৃদ্ধাঙ্গুলেও সামান্য জখমের আলামত দেখা গেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, "প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments