নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং সাম্প্রতিক বৃষ্টিজনিত দুর্ভোগের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া পরীক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁদের দাবি, পরীক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রয়োজন।
কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাকিব আল হাসানসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থীকে পানি ও কাদা মাড়িয়ে, বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে কেন্দ্রে পৌঁছেছেন। এতে শারীরিক ও মানসিক চাপের মধ্যে তাঁদের পরীক্ষায় অংশ নিতে হয়েছে।
পরীক্ষার্থীরা বলেন, জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি এবং প্রতিকূল আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী তাঁদের দুর্ভোগ বিবেচনায় নেননি।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাঁদের আপত্তি রয়েছে। প্রশ্নপত্র প্রণয়নে দায়ীদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা। তাঁদের ভাষ্য, কঠিন প্রশ্নে আপত্তি নেই; তবে প্রশ্ন পাঠ্যসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
এ ছাড়া ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাঁদের জন্য সহানুভূতিশীল বিবেচনায় দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান দেওয়ার দাবি জানান আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

0 Comments