জাহানারা আলমের অভিযোগে সাবেক নির্বাচকের বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পেল বিসিবি



ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা অভিযোগ নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্তে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে।

গত ৭ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ একাধিক অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

২ ফেব্রুয়ারি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করে। প্রতিবেদনে জাহানারার করা অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তা অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার আওতায় পড়েছে।

বিসিবি জানায়, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ গত বছরের ৩০ জুন শেষ হয়েছে। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ‘শূন্য সহনশীলতা’ নীতির আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নারী ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিতে বিসিবির উইমেন্স উইংয়ের অধীনে একটি অভিযোগ কমিটিও গঠন করা হয়েছে।

Post a Comment

0 Comments