জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল মিয়া (২৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সোমবার(১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদহ নদীতে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলার হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।
আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের মোজাম্মেল হক (২৮), আবদুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে কয়েকজন জেলে বুড়িদহ নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীর মধ্যে থাকা একটি বৈদ্যুতিক সংযোগের খুঁটি ভেঙে পড়ে। এতে বিদ্যুতের সংস্পর্শে এসে রুবেলসহ ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments