কুড়িগ্রামে মাদক কারবারিকে ছয় মাসের কারাদণ্ড



নতুন প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ফারুক আলী আকন্দ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাশিয়াগাড়ি চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ফারুক উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর আকন্দপাড়া এলাকার মোকছেদ আলী আকন্দের ছেলে।

স্থানীয় লোকজনের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। বুধবার সকালে চৌমহনী বাজারে মাদক বিক্রির সময় তাঁকে আটক করেন তাঁরা। এ সময় তাঁর কাছ থেকে নয়টি ইয়াবা বড়ি ও দুই পুরিয়া গাঁজা পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ফারুককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।

উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুক আলী আকন্দকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Post a Comment

0 Comments